বুধবার

১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সচেতনতার অভাবেই বাড়ছে মানব পাচার: মানিকগঞ্জের জেলা প্রশাসক

🕙 প্রকাশিত : ৯ জুন, ২০২৬ । ১১:২১ পূর্বাহ্ণ

প্রান্তিক পর্যায়ে সচেতনতার অভাবের কারণেই দেশে মানব পাচারের ঘটনা বাড়ছে বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। তিনি বলেন, বারবার সচেতন করার পরও অনেক মানুষ দালালের মাধ্যমে বিদেশে যাচ্ছেন। এজন্য তৃণমূল পর্যায়ে পাচারবিরোধী জনমত গড়ে তুলতে সচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করতে হবে।

মঙ্গলবার (৯ জুন) মানিকগঞ্জে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ‘Combating Human Trafficking through Strengthening 4Ps’ প্রকল্পের আওতায় আয়োজিত জেলা অ্যাডভোকেসি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক আরও জানান, মানব পাচার প্রতিরোধে মসজিদের খুতবায় সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। পাশাপাশি জেলা প্রশাসনের উদ্যোগে এবং ব্র্যাকের সহযোগিতায় জনসমাগমপূর্ণ এলাকায় বিলবোর্ড স্থাপনসহ বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম জোরদার করা হবে।

কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নাজমুল হাসান খান বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত ও মানব পাচার রোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের মানব পাচার প্রতিরোধ কমিটিগুলোকে কার্যকর করতে বাৎসরিক বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।

পাচারকারীদের বিচারের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুম বলেন, বিচারের দীর্ঘসূত্রতা মানব পাচার বৃদ্ধির অন্যতম কারণ। এছাড়া ভুক্তভোগীরা অনেক সময় কোনো নথি বা প্রমাণ ছাড়াই টাকা লেনদেন করেন, ফলে আইনি ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে।

জেলা লিগ্যাল এইড অফিসার দুরাখসা জাহান প্রিয়াঙ্কা বলেন, প্রমাণের অভাব বিচারপ্রাপ্তির ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার মো. সাজ্জাদ হোসেন। তিনি বিশ্বব্যাপী ও বাংলাদেশের মানব পাচার পরিস্থিতি, নিরাপদ অভিবাসন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং বিভিন্ন অংশীজনের ভূমিকা তুলে ধরেন।

মানিকগঞ্জের ব্র্যাক জেলা সমন্বয়কারী মো. শফিকুল ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মানিকগঞ্জ সদরের ইউএনও মৌসুমী নাসরিন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আওলাদ হোসেন, প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং জেলা শিক্ষা অফিসার আমির হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর রোমানা আফরোজা।

উল্লেখ্য, ২০০৬ সাল থেকে ব্র্যাক দেশের অভিবাসনপ্রবণ জেলাগুলোতে নিরাপদ অভিবাসন ও মানব পাচার প্রতিরোধে কাজ করে আসছে। কর্মশালায় সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক এবং মানব পাচারের শিকার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ