কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী দুটি বাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (৮ জুন) বেলা সোয়া ২টার দিকে চকরিয়ার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া ঢালায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী ‘এভারগ্রীন’ এসি বাসের সঙ্গে ‘চকরিয়া সার্ভিস’ মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মিনিবাসটি দুমড়ে-মুচড়ে যায়। বাসটির উপরের অংশ ছিটকে রাস্তায় পড়ে এবং বডির একটি অংশ রাস্তার পশ্চিম পাশের ফুটপাতে গিয়ে পড়ে।
অন্যদিকে এভারগ্রীন বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত মালুমঘাট, চকরিয়াসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে চালক, হেলপার ও নারী যাত্রীদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে নিহত শিশু ও আহতদের পরিচয় জানা যায়নি।
মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব বলেন, “দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন। বাস দুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।”

