শুক্রবার

৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএসইসির নেতৃত্বে মাসুদ খান, নতুন তিন কমিশনার নিয়োগ

🕙 প্রকাশিত : ৪ জুন, ২০২৬ । ১০:১৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান মাসুদ খান। একই সঙ্গে কমিশনের নতুন তিন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আইনজীবী নাহিদ মাহতাব, আর্থিক খাতের পেশাজীবী তানভীর হাবিব রহমান এবং ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাফিজ-আল-তারিককে।

বৃহস্পতিবার (৪ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ নিয়োগ চূড়ান্ত করে। নতুন চেয়ারম্যান ও কমিশনাররা আগামী চার বছরের জন্য দায়িত্ব পালন করবেন। জানা গেছে, আজ বিকেল ৩টায় তারা বিএসইসির কার্যালয়ে যোগ দেবেন।

এর আগে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং কমিশনার মু. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন পদত্যাগ করেন।

পুঁজিবাজার সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন নেতৃত্বের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার, বাজারে সুশাসন প্রতিষ্ঠা এবং দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা কাটিয়ে ওঠা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩-এর ধারা ৫(২) অনুযায়ী মাসুদ খানকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের দিন থেকে পরবর্তী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ছিন্ন করতে হবে। তার বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারণ করা হবে।

চার দশকের বেশি সময় ধরে করপোরেট ব্যবস্থাপনা, ফিন্যান্স ও সুশাসন খাতে কাজ করা মাসুদ খান বর্তমানে ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান এবং ক্রাউন সিমেন্ট গ্রুপের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি দীর্ঘ ১৮ বছর লাফার্জহোলসিম বাংলাদেশের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে প্রায় দুই দশক দেশ-বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক পদে কাজ করেছেন।

বর্তমানে তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, ম্যারিকো বাংলাদেশ, সিঙ্গার বাংলাদেশ এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির স্বাধীন পরিচালক হিসেবেও দায়িত্বে রয়েছেন।

উল্লেখ্য, মাসুদ খানের নিয়োগের পথ সুগম করতে সম্প্রতি বিএসইসি আইন সংশোধন করে চেয়ারম্যান পদের বয়সসীমা তুলে দেওয়া হয়। গত ৩০ এপ্রিল জাতীয় সংসদে পাস হওয়া ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধনী) বিল, ২০২৬’-এর মাধ্যমে আগের ৬৫ বছরের বয়সসীমা বাতিল করা হয়। ফলে ৭১ বছর বয়সী এই করপোরেট নির্বাহীর বিএসইসির চেয়ারম্যান হওয়ার আইনি বাধা দূর হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ