মানিকগঞ্জে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় জেলার তিনটি হাসপাতালে নতুন করে আরও ১৬ জন শিশু এই উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ পর্যন্ত জেলায় মোট ৩০৭ জন শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে জেলার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৬৯ জন শিশু।
এদিকে, চিকিৎসাধীন অবস্থায় ইতোমধ্যে একজন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
সিভিল সার্জন ডাক্তার এ কে এম মুফাখখারুল ইসলাম জানিয়েছে, আক্রান্তদের অধিকাংশই শিশু এবং তাদের মধ্যে জ্বর, শরীরে ফুসকুড়ি ও কাশি দেখা যাচ্ছে—যা হামের সাধারণ উপসর্গ। পরিস্থিতি মোকাবেলায় হাসপাতালগুলোতে বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার এবং অভিভাবকদের সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন।

