দীর্ঘ ২২ বছর পর আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি ও কর্মতৎপরতা।
শনিবার (২ মে) বিকেলে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে জেলা প্রশাসন ও দলীয় নেতৃবৃন্দ সম্ভাব্য বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেছেন। ইতোমধ্যে প্রস্তুতি সভা, প্রচার কার্যক্রম এবং মাঠপর্যায়ের কার্যক্রম জোরদার করা হয়েছে।
দলের শীর্ষ নেতার আগমনকে ঘিরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফরকালে প্রধানমন্ত্রী খাল খনন প্রকল্প, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। এছাড়া তিনি একটি সুধী সমাবেশ ও বিশাল জনসভায় অংশ নেবেন।
চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য জনসভায় ৮ থেকে ১০ লাখ মানুষের সমাগম হতে পারে বলে আয়োজকদের প্রত্যাশা। এ উপলক্ষে শেখ ফরিদ আহমেদ মানিক জেলার শীর্ষ নেতাদের নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাট এলাকায় খাল খনন প্রকল্পের উদ্বোধনস্থল সরেজমিনে ঘুরে দেখেন তিনি।
শেখ ফরিদ জানান, সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান চাঁদপুর সফরে এসেছিলেন। তখন তিনি দলের একজন কর্মী হিসেবে উপস্থিত ছিলেন। এবার প্রধানমন্ত্রী হিসেবে তার আগমন চাঁদপুরবাসীর জন্য গর্ব ও আবেগের বিষয়। এ সফর সফল করতে তিনি জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন।

