মঙ্গলবার

১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষের অভিযোগে অভ্যন্তরীণ তদন্তের ঘোষণা

🕙 প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬ । ৯:৪১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য পদত্যাগ করা এক প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগের ঘটনায় অভ্যন্তরীণ তদন্ত করা হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে নিজের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি এ কথা জানান।

এর আগে একই দিন অভিযোগের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর জামিন নিশ্চিত করে দেওয়ার জন্য তার পরিবারের কাছে এক কোটি টাকা ঘুষ দাবি করেছিলেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার।

ফজলে করিম চৌধুরী জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রাম শহরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি। এ ঘটনায় হোয়াটসঅ্যাপের একাধিক অডিও কথোপকথনের রেকর্ডিংয়ে ঘুষ দাবির বিষয়টি উঠে এসেছে বলে জানা গেছে। প্রথম আলো ও নেত্র নিউজ এসব রেকর্ডিং সংগ্রহ ও যাচাই করে মঙ্গলবার একটি যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে।

অভিযোগের বিষয়ে জানার পর তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাইমুম রেজা তালুকদারকে সংশ্লিষ্ট মামলা থেকে সরিয়ে দেন। তবে তার বিরুদ্ধে তখন অন্য কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি এবং ট্রাইব্যুনালের অন্যান্য দায়িত্ব থেকেও তাকে সরানো হয়নি।

পরে সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাইমুম রেজা তালুকদারের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে প্রসিকিউটর পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। তিনি ২০২৪ সালের ৭ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, তিনি বিষয়টি গণমাধ্যমে দেখে তাৎক্ষণিকভাবে সকল প্রসিকিউটরকে সকাল ৯টার মধ্যে কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেন এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করেন।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট প্রসিকিউটর কয়েক দিন আগে তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। সাইমুম রেজাকে ঘিরে প্রকাশিত সংবাদের বিষয়ে তিনি ব্যথিত বলেও উল্লেখ করেন।

চিফ প্রসিকিউটর বলেন, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে এবং অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ