বাহরাইনে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি এই শোকবার্তা প্রেরণ করেন।
সোমবার (২ মার্চ) দিবাগত রাতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি টেলিফোনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে কথা বলেন এবং রাজার পক্ষ থেকে শোকবার্তাটি পৌঁছে দেন। আলাপকালে তিনি নিহত বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন এবং এ ঘটনায় বাহরাইন সরকারের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করেন।
বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী জানান, দেশটির সরকার সেখানে বসবাসরত সকল বাংলাদেশি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের সুরক্ষা ও কল্যাণে ইতোমধ্যে প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সংকটকালে বাহরাইন সরকারের দায়িত্বশীল ভূমিকার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে দুই দেশের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রয়েছে।
এর আগে একই দিন বিকেলেও দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে টেলিফোনে আলোচনা হয়। সেখানে বাহরাইনের সামগ্রিক পরিস্থিতি এবং প্রবাসী বাংলাদেশিদের অবস্থা নিয়ে বিস্তারিত কথা হয়।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের ছোড়া একটি মিসাইলের ধ্বংসাবশেষ বাহরাইনের জনবহুল এলাকায় আছড়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনার পর বাহরাইনে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও দেশটির উচ্চপর্যায় থেকে নিরাপত্তার আশ্বাস পাওয়ায় পরিস্থিতি কিছুটা স্বস্তিকর হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, নিহত বাংলাদেশি নাগরিকের মরদেহ দ্রুত দেশে পাঠানো এবং তার পরিবারের জন্য প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়ার বিষয়েও বাহরাইন সরকার সহযোগিতা করবে বলে জানা গেছে। বর্তমানে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত কার্যক্রম সমন্বয় করছে।

