মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন শিবালয় থানার ওসি মো. মনির হোসেন। একই সঙ্গে জেলার শ্রেষ্ঠ উপপরিদর্শক (এসআই) নির্বাচিত হয়েছেন মানিকগঞ্জ সদর থানার এসআই পার্থ শেখর ঘোষ। এ ছাড়া শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এবং শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক (এএসআই) নির্বাচিত হয়েছেন সিংগাইর থানার এএসআই শরীফ হোসেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল চারটায় জেলা পুলিশ লাইনসে আয়োজিত এক অনুষ্ঠানে মানিকগঞ্জের পুলিশ সুপার সারোয়ার আলম শ্রেষ্ঠ পুলিশ সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন। ২০২৫ সালের ডিসেম্বর মাসে দায়িত্ব পালন ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁদের এ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, “সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে যাঁরা জনসেবায় দৃষ্টান্ত স্থাপন করছেন, তাঁদের উৎসাহিত করতেই এ স্বীকৃতি। এতে অন্য সদস্যরাও আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত হবেন।”
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, শিবালয় থানার ওসি মো. মনির হোসেন আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন।
অন্যদিকে, এসআই পার্থ শেখর ঘোষ সিংগাইর থানায় দায়িত্ব পালনকালে গুরুত্বপূর্ণ মামলার তদন্ত, নিয়মিত টহল ও অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতার পরিচয় দেওয়ায় শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হন। বর্তমানে তিনি মানিকগঞ্জ সদর থানায় কর্মরত রয়েছেন।
এদিকে, সিংগাইর থানার এএসআই শরীফ হোসেন তাঁর পেশাগত জীবনে এবার নিয়ে মোট পাঁচবার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এবং তিনবার শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কার অর্জন করেছেন। নিয়মিত ওয়ারেন্ট তামিল, আসামি গ্রেপ্তার ও আদালতের আদেশ বাস্তবায়নে তাঁর সাফল্য তাঁকে এই স্বীকৃতি এনে দিয়েছে।
পুরস্কারপ্রাপ্ত পুলিশ সদস্যরা জানান, এ স্বীকৃতি তাঁদের দায়িত্ব পালনে আরও বেশি উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে। তাঁরা ভবিষ্যতেও জনগণের নিরাপত্তা ও সেবায় নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

