বুধবার

৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

১০ মাসেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী নিঝুমের

🕙 প্রকাশিত : ৮ ডিসেম্বর, ২০২৫ । ৮:২৭ পূর্বাহ্ণ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর সামছুদ্দিন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির স্কুলছাত্রী নিঝুম খাতুন (১৫) নিখোঁজের ১০ মাস পরেও উদ্ধার হয়নি। মেয়েকে না পেয়ে পরিবার হতাশায় দিন গুনছে—সে জীবিত না মৃত, তা নিয়েও তারা অনিশ্চয়তায় ভুগছেন। পুলিশ বলছে, তারা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে।
উপজেলার কানাইডাঙ্গা গ্রামের হয়রত আলী ও তাসলিমা দম্পতির মেয়ে নিঝুম গত ১৩ মার্চ ২০২৪ ইং তারিখে নিখোঁজ হয়। এ বিষয়ে নিঝুমের মা মোছা. তাসলিমা খাতুন বাদী হয়ে মহেশপুর থানায় ৫ জনকে আসামি করে একটি অপহরণ মামলা করেন। সেই থেকে তাসলিমা খাতুন পুলিশ প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন, কিন্তু আজ পর্যন্ত মেয়ের কোনো সন্ধান মিলেনি।
ঘটনার পর ফতেপুর ইউপির রাখালভোগা গ্রামের মো. কামাল ডাকাতের ছেলে মামলার ১ নম্বর আসামি জিমকে আটক করা হলেও তার কাছ থেকে কোনো তথ্য উদ্ধার করতে পারেনি পুলিশ। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হিমানিশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আসামির বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয়েছিল, কিন্তু আদালত রিমান্ড আবেদন নাকচ করে তাদের জামিন মঞ্জুর করেছেন। তদন্ত কার্যক্রম চলছে, তবে ভিক্টিম এখনো উদ্ধার হয়নি।
এ মামলার প্রথম তদন্তকারী কর্মকর্তা এসআই সাহাবুরকে পরিবর্তন করে এসআই হিমানিশকে দায়িত্ব দেওয়া হয়েছে।
মামলার বাদী তাসলিমা খাতুন বলেন, মেয়ে উদ্ধারের জন্য প্রশাসনের বিভিন্ন দফতরে ছুটছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো ফল পাইনি। আমরা এখন হতাশায় ভুগছি—মেয়ে বেঁচে আছে নাকি মারা গেছে তাও জানি না।
এদিকে, মামলার ৫ আসামির মধ্যে ৪ জনই বর্তমানে জামিনে থাকায় বাদী পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। বিভিন্ন মাধ্যমে মামলা তুলে নেওয়ার জন্য তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তাসলিমা খাতুন। এ বিষয়ে তিনি থানায় একটি জিডি করেছেন। একই সঙ্গে তিনি সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ