সৌদি আরবে মিসাইল হামলায় নিহত বাংলাদেশি মোশাররফ হোসেনের (৩৮) মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার (২০ মার্চ) সকাল ১০টা ৪৮ মিনিটে তাকে বহনকারী সৌদি এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে মরদেহ গ্রহণের সময় উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এ সময় তারা নিহতের স্বজনদের সান্ত্বনা দেন এবং শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
জানা যায়, গত ৮ মার্চ সৌদি আরবের আল-খারিজ শহরের কাছে আল-তোয়াইক এলাকায় ইরানের মিসাইল হামলায় নিহত হন মোশাররফ হোসেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখিপুরে। প্রায় আট বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান তিনি। দেশে রেখে গেছেন বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান।
বিমানবন্দরের ৮ নম্বর ফটকের সামনে সকাল থেকেই জড়ো হন নিহতের স্বজনরা। প্রিয়জনের মরদেহ গ্রহণ করতে এসে তারা কান্নায় ভেঙে পড়েন এবং স্মৃতিচারণ করেন।
নিহতের চাচা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “আমি নিজেই তাকে সৌদিতে পাঠিয়েছিলাম। যাওয়ার পর নিয়মিত কথা হতো। এভাবে তার মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টের। আমরা সরকারের কাছে এই পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানাই।”
স্বজনরা জানান, মৃত্যুর মাত্র ৩০ মিনিট আগেও স্ত্রীর সঙ্গে কথা বলেন মোশাররফ। তখন তিনি ছেলেদের ঈদের জামা কেনার জন্য টাকা পাঠানোর কথা বলেছিলেন। কিন্তু ডিউটিরত অবস্থায় মিসাইল হামলায় মুহূর্তেই নিভে যায় তার জীবনের আলো।
মোশাররফের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

