সাতক্ষীরার তালা উপজেলায় ট্রাকের ধাক্কায় ফরহাদ সরদার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় পাটকেলঘাটা–কেশবপুর সড়কের তালা উপজেলার রাঢ়ীপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ সরদার সাতক্ষীরা সদর উপজেলার মধ্যকাটিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক সরদারের ছেলে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম লুৎফর কবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ফরহাদ সরদার পাটকেলঘাটা থেকে মোটরভ্যানে করে যশোর জেলার কেশবপুর এলাকায় তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে পাটকেলঘাটা–কেশবপুর সড়কের রাঢ়ীপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ফরহাদ সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। একই সঙ্গে দুর্ঘটনায় জড়িত ট্রাকসহ চালক বিল্লাল গাজীকে আটক করা হয়েছে।
ওসি এইচ এম লুৎফর কবির জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

