২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটির তাৎপর্য তুলে ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়।
বুধবার দুপুরে সাটুরিয়া উপজেলা পরিষদের মিনি সভাকক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে সংঘটিত গণহত্যা বাঙালি জাতির ইতিহাসে এক বর্বরতম অধ্যায়। তিনি নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানার এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. তানিয়া তাবাসসুম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. তানজিলা ফেরদৌসী, অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন, সমবায় কর্মকর্তা মাখছুদ হোসেন এবং সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা বলেন, গণহত্যা দিবস কেবল শোকের নয়, বরং জাতির ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার দিন। তারা শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

