রংপুরে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে (২৬) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রংপুর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত পলাশ নগরীর বাহার কাছনা তেলীপাড়ার জাহিদুল ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাদী বেলাল জানান, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর নগরীর সাহেবগঞ্জ এলাকায় গাঁজাসহ পলাশকে আটক করে পুলিশ। এ সময় পলাশ তার কাছে থাকা ছুরি দিয়ে এএসআই পিয়ারুল ইসলামের বুকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করে এবং আসামি পলাশকে গ্রেপ্তার করা হয়। মামলায় ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত এ রায় প্রদান করেন।
রায়ে পলাশকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া অন্যান্য দুই ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে আরও পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষ জানিয়েছে, এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছে। তবে আসামিপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলেন, তারা এ রায়ে সন্তুষ্ট নন এবং উচ্চ আদালতে আপিল করবেন।

