মানিকগঞ্জে জ্বালানি তেলের পরিমাপে কারচুপির অভিযোগে মেসার্স গুডলাক সিএনজি কর্পোরেশন নামে একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার তাতি কালিয়ানি এলাকায় অবস্থিত ওই ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
অভিযানকালে প্রতি ৫ লিটার পেট্রোলে ২১০ মিলিলিটার কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। পরিমাপে এমন অনিয়মের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৮ ধারায় ফিলিং স্টেশনের মালিক মো. সিরাজুল ইসলামকে এ জরিমানা করা হয়।
সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, পরিমাপে কম দেওয়ার দায়ে ফিলিং স্টেশনটিকে জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়েছে। একইসঙ্গে পাম্পের তেল সরবরাহকারী যন্ত্রের পরিমাপ সংশোধন করা হয়েছে।
তিনি আরও বলেন, জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
অভিযানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক শাহরিয়ার জামান, আনসার ব্যাটালিয়ন সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

