ফেনীর সোনাগাজীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে ছত্রাকযুক্ত বনরুটি বিতরণের অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পরপরই খাবার বিতরণ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
সোমবার (৬ এপ্রিল) উপজেলার কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৫১ জন শিক্ষার্থীর জন্য টিফিন হিসেবে বনরুটি সরবরাহ করে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘স্বদেশ পল্লী’। তবে বিতরণের সময় অন্তত ১৭টি রুটিতে ছত্রাক দেখা যায় এবং কিছু রুটি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল।
ঘটনাটি ধরা পড়ার সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষ দ্রুত টিফিন বিতরণ বন্ধ করে দেয়। যদিও এর আগেই কিছু শিক্ষার্থীর হাতে রুটি পৌঁছে গিয়েছিল।
এ ঘটনায় অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এক অভিভাবক বলেন, শিশুদের জন্য সরবরাহ করা খাবারে এমন অবহেলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব জানান, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় ছত্রাকযুক্ত রুটি পাওয়ার পরপরই বিতরণ বন্ধ করা হয় এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
এদিকে সরবরাহকারী প্রতিষ্ঠান ‘স্বদেশ পল্লী’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহেরুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট ঠিকাদারকে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে।

