পাবনার সাঁথিয়ায় মসজিদ কমিটি গঠনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। এসময় দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (২৭ মার্চ) জুম্মার নামাজের আগে সোনাতলা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন—সাদ্দাম (৩৫), রাসেল (৩০), লাল মিয়া (৫০), শফিকুল ইসলাম পাপ্পু (৪২) ও আমিরুল ইসলাম (৫৫)সহ আরও দুজন। তাদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, জুমার খুতবা শেষে ডা. শফিকুল ইসলাম পাপ্পু মসজিদের বর্তমান কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি ঘোষণা করেন। এ সময় মুসল্লিরা এ বিষয়ে প্রশ্ন তুললে উভয়পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
একজন মুসল্লি আরিফুল ইসলাম জানান, সংঘর্ষ চলাকালে উভয়পক্ষ রড, কাঠের বাটাম, হক স্টিক ও ধারালো অস্ত্র নিয়ে হামলায় জড়িয়ে পড়ে।
নাগডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ বলেন, এটি কোনো রাজনৈতিক ঘটনা নয়, বরং স্থানীয় বিরোধের জেরে সংঘর্ষ হয়েছে। উভয়পক্ষ চাইলে দ্রুত বিষয়টি মীমাংসা সম্ভব।
সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উভয়পক্ষই থানায় লিখিত অভিযোগ দিয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

