মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটে যাত্রী ও টিকেট কালেক্টরদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ।
বুধবার সন্ধ্যা ৭টা থেকে এ পথে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয় বলে জানান পাটুরিয়া লঞ্চঘাট পরিচালক পান্নালাল নন্দী।
তিনি বলেন, যাত্রীরা তাদের টিকিট কালেক্টরদের শরীরে হাত তোলায় লঞ্চ পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কেনো শরীরের হাত দিল, সে বিষয়ে কিছু বলেননি তিনি।
কয়েকজন লঞ্চ যাত্রী জানান, ঘাটে লঞ্চ না থাকলেও টিকিট বিক্রি করে টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর লোকজন। এতে সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
এদিন বেলা সাড়ে ৪টার দিকে পাটুরিয়া লঞ্চঘাটে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। এর আগে বেলা ৩টা থেকে এ ঘাটে যাত্রী বাড়তে থাকে।
পাটুরিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার ফারুক হোসেন বলেন, “পোশাক কারখানা ছুটি হওয়ায় বিকালে চাপ বেড়েছে। যাত্রী চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছি। যাত্রীরা জোর করেই লঞ্চে উঠছে।”
মাগুরাগামী বাবু খান বলেন, তিনি ধামরাই উপজেলার শ্রীরামপুরে একটি পোশাক করখানায় চাকরি করেন। বুধবার দুপুরের পরে কারখানা ছুটি দেওয়ায় বাড়ি ফিরছেন।
“পরিবারের সদস্যদের আগেই পাঠিয়ে দিয়েছি। ভাবছিলাম একা যাব, ঘাট এলাকায় তেমন ভোগান্তি হবে না। কিন্তু ঘাটে এসে দেখি যাত্রী আর যাত্রী। আর ঘাটে লঞ্চও নেই”, বলেন তিনি।

