ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৮ জন আহত হয়েছেন।
শনিবার (৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার পুড়াপাড়া ইউনিয়নের গোয়ালদী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুড়াপাড়া ইউনিয়নের বনগ্রামের মোল্লা গ্রুপ ও পার্শ্ববর্তী গোয়ালদী গ্রামের তালুকদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। শনিবার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়, যা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নগরকান্দা থানার ওসি রাসূল সামদানী আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আধিপত্য বিস্তার নিয়ে পূর্বের বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, ফরিদপুর জেলায় সাম্প্রতিক সময়ে সংঘর্ষের ঘটনা বাড়ছে বলে জানা গেছে। এর আগে ভাঙ্গা উপজেলায় ফুটবল খেলার মাইকিংকে কেন্দ্র করে টানা দুই দিন ৯টি গ্রামের মানুষ সংঘর্ষে জড়ায়। ওই ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হন এবং সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

