রবিবার

২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

নওগাঁ ও ঝিনাইদহে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু, আহত অন্তত ৭

🕙 প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৬ । ১২:০৩ অপরাহ্ণ

নওগাঁ ও ঝিনাইদহে পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজন কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন। শনিবার (২৭ মার্চ) সকাল থেকে দুপুরের মধ্যে নওগাঁর পত্নীতলা এবং ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন নওগাঁর শীতল গ্রামের মৃত আয়নাল হকের ছেলে আশরাফ আলী (কৃষক), শৈলকুপার খড়িবাড়িয়া গ্রামের সুশিল বিশ্বাসের ছেলে সমির বিশ্বাস (৪০) এবং লক্ষ্মীপুর গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২২)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ঝড়-বৃষ্টির মধ্যে পত্নীতলার শিহারা ইউনিয়নের তেপুকুরিয়া ফসলের মাঠে পাঁচ কৃষক কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তারা আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আশরাফ আলী মারা যান। বাকি চারজন চিকিৎসাধীন রয়েছেন।

পত্নীতলা থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, মাঠে গম কাটার সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে এক কৃষকের মৃত্যু হয় এবং কয়েকজন আহত হন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া ও লক্ষ্মীপুর গ্রামে পৃথক বজ্রপাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমির বিশ্বাস তার বাবার সঙ্গে পেঁয়াজ ক্ষেতে কাজ করছিলেন। একই সময়ে পাশের জমিতে অপু বিশ্বাসসহ কয়েকজন কৃষি কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ বজ্রপাতে তারা গুরুতর আহত হন।

আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সমির বিশ্বাস ও অপু বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এহেতাম শহীদ জানান, হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই দুইজনের মৃত্যু হয়।

শৈলকুপা থানার ওসি মো. হুমাইন কবির বলেন, বজ্রপাতে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ