মঙ্গলবার

৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ট্রাকের পেছনে পিকআপের ভয়াবহ ধাক্কা, নিহত ৪

🕙 প্রকাশিত : ৯ জুন, ২০২৬ । ৮:৪৭ পূর্বাহ্ণ

টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে মুরগিবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) ভোরে উপজেলার সখীপুর-সাগরদিঘী সড়কের কালিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের পাশে বাঁশবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে আসা একটি মুরগিবাহী পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সখীপুর থানার এএসআই মো. আল মামুন জানান, ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপ ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা চারজন ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও বলেন, নিহতদের মরদেহ সখীপুর থানায় রাখা হয়েছে। তাদের পরিচয় শনাক্ত ও পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ