বুধবার

১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, দ্রুত নামায় প্রাণে বাঁচলেন চালক

🕙 প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৬ । ২:১৮ অপরাহ্ণ

খুলনার শিববাড়ি মোড় এলাকায় চলন্ত একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সৌভাগ্যক্রমে অ্যাম্বুলেন্সে কোনো রোগী না থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। চালক সময়মতো গাড়ি থেকে নেমে পড়ায় প্রাণহানির ঘটনাও ঘটেনি।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে আদ-দ্বীন হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে এবং সেটি সম্পূর্ণ পুড়ে যায়।

অ্যাম্বুলেন্স চালক মোল্লা সোহাগ জানান, আদ-দ্বীন হাসপাতাল থেকে ময়লাপোতা মোড় হয়ে অফিসে ফেরার পথে শিববাড়ি মোড়ে এসে হঠাৎ গাড়িটি বন্ধ হয়ে যায়। এ সময় তিনি তীব্র তাপ অনুভব করেন এবং দেখতে পান পেছনের দিক থেকে আগুন ছড়িয়ে পড়ছে। আগুনের তাপে তার মাথার কিছু চুলও পুড়ে যায়। পরে তিনি দ্রুত গাড়ি থেকে নেমে গিয়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিন অতিরিক্ত গরম (ওভারহিট) হওয়ার কারণেই আগুনের সূত্রপাত হয়েছে। চলন্ত অবস্থায় গাড়িটি বন্ধ হয়ে যাওয়ার পরই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ