শুক্রবার

২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কুষ্টিয়ায় এমপির স্বজনদের দ্বন্দ্ব মেটাতে গিয়ে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর

🕙 প্রকাশিত : ২০ মার্চ, ২০২৬ । ৫:৪৮ পূর্বাহ্ণ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (এমপি) আফজাল হোসেনের স্বজনদের পারিবারিক বিরোধ মেটাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গাড়িতে ভাঙচুর চালানো হয়। এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনের গাড়ির সামনের কাচ ভেঙে যায়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার এলংগীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আফজাল হোসেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এমপি আফজাল হোসেনের দুই চাচাতো ভাই আনোয়ার হোসেন ও শিপলুর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে এলাকায় উত্তেজনা তৈরি হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে রাত ৮টার দিকে কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান।

এ সময় অভিযোগ রয়েছে, এমপির চাচাতো ভাই আনোয়ার, শিপলুসহ তাদের সমর্থকেরা পুলিশের গাড়ি লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। এতে পুলিশের গাড়ির সামনের কাচ ভেঙে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে জানতে আনোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। অন্যদিকে এমপি আফজাল হোসেনের নম্বরে কল দিলে এক ব্যক্তি আত্মীয় পরিচয়ে জানান, তিনি বৈঠকে ব্যস্ত আছেন, পরে কথা বলবেন।

এমপির ভাতিজা রবিউল ইসলাম দাবি করেন, ঘটনার সময় তার চাচা বাড়িতে ছিলেন না। পারিবারিক বিরোধের জেরে উত্তেজনা তৈরি হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুর্বৃত্তরা হামলা চালায়।

ঘটনার পর থেকে আনোয়ার হোসেন ও শিপলুর পরিবারের সদস্যদের বাড়িতে পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে।

রাত সাড়ে ১০টার দিকে ওসি জামাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, “বিরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গেলে সাদিক, আনোয়ার ও শিপলুসহ কয়েকজন আমাদের গাড়ি লক্ষ্য করে রেললাইনের পাথর নিক্ষেপ করে। এতে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। কেন আমাদের ওপর হামলা করা হলো, তা স্পষ্ট নয়। আইন সবার জন্য সমান। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি রয়েছে।”

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ