সোমবার

১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত বাউলশিল্পী আবুল সরকার

🕙 প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬ । ১১:৪৪ পূর্বাহ্ণ

ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় কারাবন্দি বাউলশিল্পী আবুল সরকার অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) সকালেই গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে তার মুক্তি কার্যকর হয়। বেলা ১১টা ২০ মিনিটে তিনি কারাগার ত্যাগ করেন। পরে সাদা রঙের একটি হাইচ গাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি।
কারা কর্তৃপক্ষ জানায়, হাইকোর্টের জামিনাদেশ সংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় মুক্তি প্রদান করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কারাগারটির সিনিয়র জেল সুপার হালিমা খাতুন।
এর আগে গত ৬ এপ্রিল বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবুল সরকারকে ৬ মাসের জামিন দেন। একই সঙ্গে তাকে স্থায়ী জামিন দেওয়া হবে কি না, সে বিষয়ে রুল জারি করেন আদালত।
ঘটনার সূত্রপাত গত বছরের ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় ‘খালা পাগলীর মেলা’য় এক পালাগানের আসরে। সেখানে আবুল সরকারের বিরুদ্ধে ধর্ম অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
পরে ১৯ নভেম্বর রাতে মাদারীপুরের একটি গানের অনুষ্ঠান থেকে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে। পরবর্তীতে ঘিওর উপজেলার মুফতি মো. আবদুল্লাহ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ