বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনীত ঢাকা ১৪ আসনে বিজয়ী সংসদ সদস্য ও জামায়াত নেতা মীর কাসেম আলীর পুত্র ব্যারিস্টার আরমান বলেছেন, আমরা মানুষের সাংবিধানিক অধিকারের জন্য লড়াই করব প্রয়োজনে আমরা জান দেয়ার জন্য প্রস্তুত আছি। আমরা জান দেবো কিন্তু জুলাই দেব না ইনশাআল্লাহ। শহীদ ওসমান হাদী ভাইয়ের বিচার এই মাটিতে হতে হবে। আবু সাঈদের বিচার এই মাটিতে হতে হবে।
আজ শনিবার দুপুরে মানিকগঞ্জের হরিরামপুরে মীর কাসেম আলীর কবর জিয়ার শেষে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি যে কয়দিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন। আমার সাথে যে জুলুম হয়েছে এই জুলুম যাতে বাংলার মাটিতে আর না হয় সেজন্য আমি নিজেকে নিয়োজিত করব।
আল্লাহ তায়ালার করুণায় মানুষের সমর্থন নিয়ে জাতীয় সংসদে মানুষের অধিকার নিয়ে কথা বলার জন্য যে দায়িত্ব আমার ওপর অর্পণ করা হয়েছে সেই দায়িত্ব যেন ঠিকমত পালন করতে পারি সেজন্য সবার কাছে আমি দোয়াপ্রার্থী। আমি আমার পিতা শহীদ মীর কাসেম আলীর কবর জিয়ারত করতে এসেছি। আমার পিতার যে ইসলামী আদর্শ সে আদর্শ নিয়ে যেন আমি চলতে পারি। এই শপথ নেয়ার জন্যই আজকে আমি এখানে এসেছিলাম।
ব্যারিস্টার আরমান বলেন, ফ্যাসিবাদী শক্তি আমার পিতার ফাঁসি দেয়ার কয়েকদিন পূর্বে আমাকে গুম করে। আমি জানতেও পারিনি আমার পিতার কি হলো। আমার পরিবারও জানতে পারেনি আমার কি হলো। আমি ধরে নিয়েছিলাম আমার মৃত্যু হবে। আল্লাহ তাআলা তার অপার করুণায় আমাকে দ্বিতীয় জীবন দান করেছেন।
এ সময় কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুর রহমান, মানিকগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা কামরুল ইসলামসহ শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

