আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষের প্রার্থী এস এ জিন্নাহ কবীরের সমর্থনে শিবালয়ের আরিচা ঘাটে বিশাল নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ জানুয়ারি) বিকেলে শিবালয় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত বিশাল মিছিল গণজোয়ারে পরিনত হয়।
মিছিলে অংশ নেয়া নেতা-কর্মী ও সমর্থকদের ধানের শীষের পক্ষে নানা ধরনের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো আরিচা ঘাট এলাকা।
মিছিলটি আরিচা ঘাট থেকে বের হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক পদক্ষিন শেষে আরিচা ঘাটে বিএনপি’র পার্টি অফিসের সামনে এসে শেষ হয়।
পার্টি অফিসের সামনে জমায়েত নেতা-কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্য মানিকগঞ্জ-১ আসনের ধানের শীষের কান্ডারী এসএ. জিন্নাহ কবীর বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। মানুষ ভোট দেয়ার জন্য উদগ্রিব হয়ে আছেন। আজকের এই মিছিলে হাজার-হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করেছে সত্যিই মানিকগঞ্জ বিএনপি’র ঘাটি। আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে জয়জুক্ত করে বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহবান জানান তিনি।
তিনি আরোও বলেন, ভোটারদের দ্বারে-দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে বার্তা পৌঁছে দিতে হবে এবং শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে হবে।
শিবালয় উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী লাভলুর সভাপতিত্ব ও সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, সাবেক সাভার উপজেলা বিএনপি’র সভাপতি জামাল সরকার, ব্যারিষ্টার জাওয়াদুল করিম নয়ন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, শিবালয় উপজেলা কৃষকদলের সভাপতি আনিসুর রহমান আনিস, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাদল, বিএনপি নেতা রফিকুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম. বাবুল হোসেন বাবু, গোলাম ফারুক খান প্রমুখ।

