দলীয় মনোনয়ন না পাওয়াকে ইতিবাচক অভিজ্ঞতা হিসেবে তুলে ধরে নিজ দল বিএনপির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে নির্ধারিত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, দল থেকে মনোনয়ন না পাওয়ার কারণেই তিনি দেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত মানুষের ব্যাপক ভালোবাসা, দোয়া ও সহযোগিতা উপলব্ধি করতে পেরেছেন। তিনি বলেন, “একটা দলীয় গণ্ডির মধ্যে থেকে নির্বাচন করলে এই অভিজ্ঞতা অর্জনের সুযোগ আমার হতো না।”
তিনি মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তার নির্বাচনী প্রচারণায় যুক্ত নেতাকর্মীদের প্রতিও ধন্যবাদ জানান। তিনি বলেন, “অনেক নেতাকর্মী বঞ্চনা ও ভীতির মধ্যে থেকেও আমার পাশে ছিলেন। কেউ কেউ দল থেকে বহিষ্কৃত হয়েছেন, তবুও আমাকে ছেড়ে যাননি। তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ।”
বিএনপিকে ধন্যবাদ জানিয়ে তিনি আবারও বলেন, মনোনয়ন না পাওয়ার কারণেই তিনি জনগণের অকুণ্ঠ সমর্থন বুঝতে পেরেছেন।
এসময় বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রুমিন ফারহানা বলেন, “দেশনায়িকা বেগম খালেদা জিয়া আমাকে স্নেহ দিয়ে রাজনীতিতে এনেছেন। তার যে শূন্যতা, তা এই সংসদে কোনোদিন পূরণ হবে না।”
উল্লেখ্য, গত নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে সংসদে যোগ দেন তিনি।

