বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ বলেছেন, তার দল জুলাই সনদকে মেনে চলে এবং এর প্রতিটি দফার প্রতি সম্মান প্রদর্শন করে। এ বিষয়ে বিরোধী দলের পক্ষ থেকে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
রোববার (১২ এপ্রিল) বিকেলে নিজ বাসভবনে সাবেক স্থানীয় সরকারমন্ত্রী ও ঢাকা সিটি করপোরেশনের প্রথম মেয়র নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পার্থ বলেন, “আমরা জুলাই সনদের স্পিরিট ধারণ করবো, পাশাপাশি সংবিধানকেও সম্মান জানাবো। এ বিষয়ে সরকার থেকেও আশ্বাস দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, বিরোধী দল বিষয়টিকে এমনভাবে উপস্থাপন করছে যেন সরকার বা তার দল জুলাই সনদের বিরোধিতা করছে, যা সঠিক নয়।
তিনি ‘প্রতারণা’ শব্দ ব্যবহারের সমালোচনা করে বলেন, এ ধরনের কঠোর মন্তব্য থেকে বিরোধী দলের সরে আসা উচিত।
এসময় উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন পার্থ। তিনি জানান, ভোলা-বরিশাল সেতু নির্মাণের বিষয়ে সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, যা বাস্তবায়িত হলে ভোলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এছাড়া ভোলা সদরে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।
অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

