সোমবার

২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির ভাষণ ঠেকাতে প্রধানমন্ত্রীর কাছে আইনজীবীর আবেদন

🕙 প্রকাশিত : ২ মার্চ, ২০২৬ । ৮:১০ পূর্বাহ্ণ

সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়া ঠেকাতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। সোমবার (২ মার্চ) তিনি এ চিঠি পাঠান বলে জানা গেছে।

চিঠিটি পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর। এতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ তোলা হয়েছে।

চিঠিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানের সময় রাষ্ট্রপতি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হন। পাশাপাশি, বিগত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তিনি কোনো কার্যকর ব্যবস্থা নেননি এবং এ বিষয়ে এখন পর্যন্ত অনুতাপ প্রকাশ করে কোনো বিবৃতিও দেননি।

আরও উল্লেখ করা হয়, গত ২০ ফেব্রুয়ারি দৈনিক কালের কণ্ঠ-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি জুলাই বিপ্লবের চেতনাকে অবমাননা করেছেন এবং প্রকৃত ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করেছেন। এর মাধ্যমে তিনি সাংবিধানিক শপথ ভঙ্গ করেছেন বলেও চিঠিতে দাবি করা হয়। ফলে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বে বহাল থাকার আইনি অধিকার তার নেই বলে উল্লেখ করা হয়েছে।

চিঠির শেষাংশে জুলাই বিপ্লবের চেতনা সমুন্নত রাখার স্বার্থে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে সংসদের অধিবেশন আহ্বান বা সংসদে ভাষণ দেওয়ার অনুমতি না দেওয়ার ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীকে প্রয়োজনীয় ও যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়।
তথ্য: ইত্তেফাক

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ