আসন্ন উপনির্বাচনকে ঘিরে নির্বাচনী আচরণবিধি সমুন্নত রাখতে বগুড়ায় পূর্বনির্ধারিত সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ মার্চ বগুড়ায় সরকারি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে তাঁর অংশ নেওয়ার কথা থাকলেও আপাতত তা পিছিয়ে দেওয়া হয়েছে।
সোমবার (২ মার্চ) রাতে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উপনির্বাচন সামনে রেখে কোনো ধরনের বিতর্ক এড়াতে ১০ মার্চের কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে নতুন তারিখ ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সংসদীয় রীতি অনুযায়ী শপথ গ্রহণের আগে তিনি তাঁর পৈত্রিক আসন হিসেবে পরিচিত বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন।
প্রধানমন্ত্রীর ছেড়ে দেওয়া ওই শূন্য আসনে আগামী ৯ এপ্রিল উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
সফর স্থগিতের বিষয়ে রেজাউল করিম বাদশা বলেন, প্রধানমন্ত্রী আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল এবং তিনি নিয়ম মেনেই চলতে চান। বগুড়া সদর আসনে উপনির্বাচন চলমান থাকায় এ সময়ে বড় সরকারি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রশ্ন তুলতে পারে। সম্ভাব্য আইনি জটিলতা এড়াতেই সফরটি পিছিয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন।
এর আগে গত ২৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জ সফরে এসে জানিয়েছিলেন, ১০ মার্চ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে বগুড়ায় আসবেন।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছিল। তবে এখন উপনির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বগুড়াবাসীকে অপেক্ষা করতে হবে। জেলা প্রশাসন ও দলীয় সূত্র জানিয়েছে, নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী এলাকায় কর্মসূচিতে অংশ নেবেন।

