আগামী ২০ এপ্রিল পৈত্রিক ভিটা পরিদর্শনে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ দেখা দিয়েছে।
রোববার (১২ এপ্রিল) বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর সফরের আনুষ্ঠানিক কর্মসূচি এখনো প্রকাশ না হলেও ২০ এপ্রিল তার বগুড়া সফরের সম্ভাবনা রয়েছে।
জেলা প্রশাসক জানান, সফরকালে প্রধানমন্ত্রী বগুড়া জজকোর্টের একটি কার্যক্রমে অংশ নেবেন। পরে তিনি গাবতলীর বাগবাড়ী গ্রামে নিজ পৈত্রিক ভিটা পরিদর্শন করবেন।
এছাড়া সফরের অংশ হিসেবে তিনি তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ডিগ্রি কলেজে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন। একইসঙ্গে পৈত্রিক ভিটার পাশ দিয়ে প্রবাহিত একটি খাল খনন কাজেরও উদ্বোধন করার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি যাচাই করতে গত শুক্রবার প্রশাসনের একটি প্রতিনিধি দল বাগবাড়ী এলাকা পরিদর্শন করেছে।
স্থানীয়দের মধ্যে এ সফরকে ঘিরে নতুন আশার সঞ্চার হয়েছে। তাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে দীর্ঘদিন অবহেলিত বাগবাড়ী আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে উঠবে।

