হজ্ব যাত্রীরা যাতে কোনোভাবেই হয়রানির শিকার না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়া হাজীদের সুষ্ঠুভাবে হজ্ব সম্পন্ন করার ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। রাষ্ট্রের কর্মচারী হিসেবে এটা আমাদের নৈতিক দায়িত্ব। আজ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে হজ্ব ব্যবস্থাপনা অগ্রগতি বিষয়ক পর্যালোচনা সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম এ কথা বলেন।
প্রতিমন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত বলেন, আমরা দেখবো উপযুক্ত ব্যক্তি উপযুক্ত স্থানে দায়িত্ব পালন করছেন কিনা। মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হজ্ব ক্যাম্প পরিদর্শন করে সরেজমিনে সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া সভায় হজ্ব ফ্লাইটের ফ্রিকোয়েন্সি বৃদ্ধির বিষয়েও বিশদ আলোচনা হয়।
অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোঃ কামাল উদ্দিন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

