মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে সাতটায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী, আইজিপি আলী হোসেন ফকিরসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের সময় একটি সুসজ্জিত পুলিশ দল রাষ্ট্রীয় সালাম জানায় এবং বিউগলে বাজানো হয় করুণ সুর।
পরে আইজিপি মো. আলী হোসেন ফকির পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।
এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিউব্লিউএন) নেতৃবৃন্দ পৃথকভাবে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

