সোমবার

৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রধান বিচারপতির গেটের পাশে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার

🕙 প্রকাশিত : ৮ মার্চ, ২০২৬ । ৯:৪৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রধান বিচারপতির মূল প্রবেশপথের পাশ থেকে অবিস্ফোরিত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (৮ মার্চ) দুপুর দেড়টার দিকে গেটের ডান পাশে পড়ে থাকা অবস্থায় সন্দেহজনক বস্তুগুলো শনাক্ত করা হয়। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও আদালত সূত্রে জানা গেছে, দুপুরের দিকে প্রধান বিচারপতির প্রবেশপথের কাছে কয়েকটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে শাহবাগ থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে জানানো হলে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে যায়। দুপুর ২টার দিকে তারা ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালায় এবং সেগুলো নিষ্ক্রিয় করে। প্রয়োজনীয় আলামত সংগ্রহের পর গ্রেনেডগুলো তাদের হেফাজতে নেওয়া হয়েছে।

তবে কে বা কারা এসব গ্রেনেড সেখানে রেখে গেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর সুপ্রিম কোর্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এ ধরনের ঘটনার মাধ্যমে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে কারা, তা উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ