সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে এক ভিন্নধর্মী মন্তব্যের মাধ্যমে দিনের সূচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশে বের হওয়ার সময় উপস্থিত ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের উদ্দেশে হাসিমুখে তিনি বলেন, “চলেন, যুদ্ধে যাই।”
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ৮টা ৪২ মিনিটে গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। প্রতিদিনের মতোই এ সময় তার ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যরা প্রস্তুত ছিলেন।
তিনি বলেন, বাসভবনের দরজা দিয়ে বের হওয়ার সময় উপস্থিত সবার দিকে তাকিয়ে প্রধানমন্ত্রী হাসিমুখে বলেন, “চলেন যুদ্ধে যাই।” হঠাৎ এমন মন্তব্যে উপস্থিতরা কিছুটা বিস্মিত হলেও পরে সবাই বুঝতে পারেন, দেশ পরিচালনার দায়িত্ব ও চ্যালেঞ্জকে রূপক অর্থে যুদ্ধের সঙ্গে তুলনা করেই তিনি এ কথা বলেছেন।
অতিরিক্ত প্রেস সচিব জানান, সকাল সাড়ে ৯টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছান। সেখানে সারা দিন তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক নির্ধারিত রয়েছে।
এর মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও শিক্ষা উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে শিক্ষা খাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার কথা রয়েছে। এছাড়া বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গেও একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার অগ্রগতি এবং রাষ্ট্র পরিচালনার বিভিন্ন নীতিনির্ধারণী বিষয় নিয়ে দিনভর ব্যস্ত সময় কাটাবেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

