যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘Fostering the Future Together: Global Coalition Summit’-এ অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। দুই দিনব্যাপী এই উচ্চপর্যায়ের সম্মেলনে বিশ্বের ৪০টিরও বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের জীবনসঙ্গীরা উপস্থিত ছিলেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরে মঙ্গলবার (২৪ মার্চ) উদ্বোধনী অধিবেশনে ডা. জুবাইদা রহমান শিশুদের কল্যাণ নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে শিশুদের সঠিক যত্ন, শিক্ষা ও মূল্যবোধের ওপর। বাংলাদেশের নবনির্বাচিত গণতান্ত্রিক সরকার অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল সমাজ গঠনে বদ্ধপরিকর।”
ডা. জুবাইদা রহমান দেশে চালু হওয়া ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার কার্ড’-এর মতো জনকল্যাণমূলক উদ্যোগ তুলে ধরেন, যা তৃণমূল পর্যায়ে পারিবারিক স্বচ্ছলতা ও শিশুদের বিকাশে সহায়ক ভূমিকা রাখছে। তিনি শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন, মানসম্মত স্বাস্থ্যসেবা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শহর-গ্রামের শিক্ষার বৈষম্য দূর করার গুরুত্বেও জোর দেন।
নারীর ক্ষমতায়ন বিষয়ে তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান স্মরণ করে বলেন, “দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালুর মাধ্যমে শুরু হওয়া নারী শিক্ষার বিপ্লবকে বর্তমান সরকার স্নাতকোত্তর পর্যায়ে বিস্তৃত করতে প্রতিশ্রুতিবদ্ধ।” এছাড়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নারী কর্মসংস্থান সংক্রান্ত পদক্ষেপের সুফলও দেশের আজকের অবকাঠামোতে প্রতিফলিত হয়েছে।
ডা. জুবাইদা রহমানের সঙ্গে সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, নারী উদ্যোক্তা মেহনাজ মান্নান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। সম্মেলনের ফাঁকে তিনি শীর্ষস্থানীয় ১১টি প্রযুক্তি প্রতিষ্ঠানের উদ্ভাবনী প্রদর্শনীও পরিদর্শন করেন।
এই বৈশ্বিক সামিটে অংশগ্রহণের মাধ্যমে শিশু কল্যাণ, শিক্ষা ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশের উদ্যোগ আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা হয়েছে। তার সফর বুধবার হোয়াইট হাউসে আয়োজিত সমাপনী অধিবেশনের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে।

