রাজধানীতে নারীদের জন্য পৃথক বাস সার্ভিস চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলামকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (২ মার্চ) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
আতিকুর রহমান রুমন বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় প্রধানমন্ত্রী সড়ক পরিবহন খাতের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি আরও বলেন, রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন, যাতে নারী যাত্রীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন।
এদিকে, শেরে বাংলা নগরে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার ও উন্নয়নকাজ রমজানের ঈদের আগেই সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব।

