যাত্রী কল্যাণ সমিতি এবারের ঈদে বাস ও মিনিবাসে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ২০ বছরের রেকর্ড ভঙ্গ করতে পারে বলে দাবি করলেও, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, এই প্রতিবেদন সঠিক নয়।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জানান, এখন পর্যন্ত ভাড়া-সংক্রান্ত কোনো নির্দিষ্ট অভিযোগ তিনি পাননি। তিনি বলেন, “স্টেশনে যাত্রীদের সঙ্গে কথা বলার পর কোনো অভিযোগ পাওয়া যায়নি। যদি কেউ আলাদা করে অভিযোগ করে, তাদের সঙ্গে যোগাযোগের মাধ্যম থাকলে আমরা তা জানতে পারতাম।”
যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ অনুযায়ী, এবারের ঈদে ঢাকা ও দেশের বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার বাস-মিনিবাসে প্রায় ৪০ লাখ ট্রিপ এবং সিটি সার্ভিসে আরও ৬০ লাখ ট্রিপ হতে পারে। গত ১৪ থেকে ১৮ মার্চ মাঠ পর্যবেক্ষণে দেখা গেছে, ৮৭ শতাংশ বাস ও মিনিবাসে সরকারি চার্ট অমান্য করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে।
প্রতিমন্ত্রী জানিয়েছেন, ঈদযাত্রার সামগ্রিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ঈদের পর পুরো ব্যবস্থার মূল্যায়ন করা হবে।

