মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে শপথ নিয়েছেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান। তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা সাড়ে ১২টার পর জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে এ শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে আহমেদ আযম খানের নাম ঘোষণা করেন।
এদিন সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশন শুরুর পর মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) স্পিকার এবং ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার নির্বাচিত করা হয়।
তারা দুজনেই এর আগে বর্তমান সরকারের মন্ত্রিসভার সদস্য ছিলেন। মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং ব্যারিস্টার কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রী ছিলেন।
নতুন দায়িত্ব গ্রহণের ফলে তাদের মন্ত্রিসভার পদ শূন্য হয়ে যায়। এরপরই ক্ষমতাসীন দল বিএনপি মন্ত্রিপরিষদের নতুন সদস্য হিসেবে আহমেদ আযম খানের নাম ঘোষণা করে। পরে তিনি রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন।

