যুক্তরাষ্ট্রের ভিসা থাকলেই দেশটিতে প্রবেশ নিশ্চিত নয়—এমন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (২৮ মার্চ) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, ইউএস ভিসা থাকা মানেই যুক্তরাষ্ট্রে ভ্রমণের শতভাগ নিশ্চয়তা নয়। কোনো ভ্রমণকারী যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন কি না এবং কতদিন অবস্থান করতে পারবেন, তা নির্ধারণ করেন প্রবেশস্থলের দায়িত্বপ্রাপ্ত ইমিগ্রেশন কর্মকর্তা। ফলে ভিসা থাকা সত্ত্বেও প্রয়োজনবোধে কাউকে প্রবেশে বাধা দেওয়া হতে পারে।
দূতাবাস আরও জানায়, নির্ধারিত সময়ের বেশি অবস্থান করা বা ভিসার শর্ত লঙ্ঘন করে কাজ করা—যেমন পর্যটক ভিসায় চাকরি করা—গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হবে। এতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি তৈরি হতে পারে।
এতে বলা হয়, ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্পূর্ণভাবে ভ্রমণকারীর দায়িত্ব। নিয়ম মেনে অবস্থান করা এবং নির্ধারিত সময় শেষে দেশে ফিরে আসার ওপরই ভবিষ্যতে ভিসা পাওয়ার সম্ভাবনা নির্ভর করে।
সম্প্রতি অতিরিক্ত সময় অবস্থান ও ভিসা জালিয়াতি প্রতিরোধে সচেতনতা বাড়াতে দূতাবাস নিয়মিত এ ধরনের সতর্কবার্তা দিচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

