বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে জাতীয় প্রতিশ্রুতি (নির্বাচনী ইশতেহার ২০২৬) বাস্তবায়ন নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিমানমন্ত্রী আফরোজা খানম (রিতা)।
সভায় উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সবাইকে উৎসাহ ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে, যাতে প্রধানমন্ত্রীর চিন্তা-চেতনা ও উন্নয়ন পরিকল্পনার সফল বাস্তবায়ন নিশ্চিত করা যায়। তিনি নির্বাচনী ইশতেহারে উল্লেখিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের লক্ষ্যে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দেন।
মন্ত্রী আরও বলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের প্রতিশ্রুতিগুলোকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রায় বিভক্ত করে বাস্তবসম্মত সময়সূচির ভিত্তিতে এগিয়ে নিতে হবে। এতে কাজের অগ্রগতি পর্যালোচনা ও মূল্যায়ন সহজ হবে।
সভায় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, আগামী ছয় মাসের মধ্যে এ খাতে দৃশ্যমান পরিবর্তন আনতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি প্রতিশ্রুতি বাস্তবায়নে অর্থ সংশ্লেষের ক্ষেত্রে মিতব্যয়িতা ও স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ মন্ত্রণালয় ও অধস্তন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।

