স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই ছাত্র গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারীদের সুরক্ষায় সরকার জুলাই সনদের নীতিমালার ভিত্তিতেই কাজ করছে। এ বিষয়ে অধ্যাদেশ জারি হয়েছে এবং সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ীই সরকার অবস্থান নিয়েছে।
রোববার (১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পুলিশ হত্যার বিচার নিয়ে এলজিআরডি মন্ত্রী কী বলেছেন—এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি জানি না তিনি কী বলেছেন। আমি এমন কিছু বলিনি।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তার জন্য সেনাবাহিনী মাঠে ছিল। ভবিষ্যতেও সশস্ত্র বাহিনী মাঠে থাকবে কি না—তা সরকারের উচ্চ পর্যায়ের আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। তিনি জানান, সশস্ত্র বাহিনীও দীর্ঘদিন মাঠে থাকতে চায় না। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
র্যাবের বিলুপ্তি বা নাম পরিবর্তনের প্রসঙ্গে মন্ত্রী বলেন, বাস্তবতার আলোকে পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা হয়েছে বলেও জানান তিনি।
ভারতীয় হাইকমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাতের বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। নিরাপত্তা ইস্যু ও সীমান্ত হত্যা বন্ধে জোর দেওয়া হয়েছে। ভারত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। এছাড়া টুরিস্ট ভিসা ধাপে ধাপে বাড়ানোর বিষয়েও আলোচনা হয়েছে।
সংসদের প্রথম অধিবেশনে ১৩৩টি অধ্যাদেশ ও একটি আদেশ উত্থাপন করা হবে জানিয়ে তিনি বলেন, কোনটি গৃহীত হবে, কোনটির আংশিক সংশোধন হবে বা কোনটি বাতিল হবে—তা সংসদেই নির্ধারিত হবে।
ফায়ার সার্ভিসের বিভিন্ন প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে বলে জানান মন্ত্রী। আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিদুর্ঘটনার পর নিরাপত্তা জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, কোনো উপজেলায় যেন ফায়ার সার্ভিসের অফিস ছাড়া না থাকে সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে এবং নতুন নিয়োগ দেওয়া হবে। অতীতে এ খাতে দুর্নীতির অভিযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তথ্য: ইত্তেফাক

