রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনা যাচ্ছেন। এ সফরে তিনি বাবা-মায়ের কবর জিয়ারতের পাশাপাশি আত্মীয়স্বজনদের সঙ্গে একান্তে সময় কাটাবেন।
মঙ্গলবার (২৪ মার্চ) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।
সফরসূচি অনুযায়ী, আগামী শনিবার (২৮ মার্চ) দুপুর ১টায় বঙ্গভবন থেকে রওনা হয়ে পৌনে দুইটায় পাবনা ক্যাডেট কলেজের হেলিপ্যাডে পৌঁছাবেন রাষ্ট্রপতি। সেখানে সার্কিট হাউসে গার্ড অব অনার প্রদান করা হবে।
পরদিন রোববার (২৯ মার্চ) বেলা ১১টায় পাবনা আরিফপুর কেন্দ্রীয় গোরস্তানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন। পরে সন্ধ্যায় পাবনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় সদর উপজেলার ভবানীপুর মসজিদ পরিদর্শন শেষে সন্ধ্যায় শহরের জুবলী ট্যাংক এলাকায় নিজ বাড়িতে যান এবং আত্মীয়স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
সফরের শেষ দিন মঙ্গলবার (৩১ মার্চ) পাবনা ক্যাডেট কলেজ থেকে বঙ্গভবনের উদ্দেশে পাবনা ছাড়বেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন।
এদিকে আসন্ন রাষ্ট্রপতি সফরকে ঘিরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফা। জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী, বিভিন্ন সংস্থা এবং পাবনা প্রেস ক্লাবের প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।

