রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে ভাষণ দেবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (১১ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবন থেকে বের হয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীকাল বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন শুরু হবে। অধিবেশনের প্রথম দিনেই ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হবে।
তিনি জানান, এসব অধ্যাদেশ যাচাই-বাছাই করার জন্য একটি ‘বিশেষ কমিটি’ গঠন করা হবে। কমিটি পর্যালোচনা করে নির্ধারণ করবে কোন অধ্যাদেশ বহাল থাকবে এবং কোনগুলো ল্যাপস (বাতিল) হয়ে যাবে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বর্তমান সংসদে এখনো স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত না হওয়ায় অধিবেশনের শুরুতে একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের সভাপতিত্বে কার্যক্রম শুরু হবে। পরে সংসদ নেতার প্রস্তাবের ভিত্তিতে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। তবে এই দুই পদে কাদের মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সভাকক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন ঘিরে বিভিন্ন বিষয় নিয়ে সেখানে আলোচনা করা হয়।

