সোমবার

৩০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনা, নিহত ৩৯৪

🕙 প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬ । ৭:৪৬ পূর্বাহ্ণ

চলতি বছরের ঈদকে কেন্দ্র করে ১৫ দিনে সড়ক, নৌ ও রেলপথে মোট ৩৭৭টি দুর্ঘটনায় ৩৯৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১ হাজার ২৮৮ জন।

সোমবার (৩০ মার্চ) বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ‘ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০২৬’ প্রকাশ করে সংগঠনটি। এতে প্রতিবেদন উপস্থাপন করেন মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

প্রতিবেদনে বলা হয়, ঈদের এই সময়ে সারাদেশে শুধু সড়ক দুর্ঘটনাতেই ৩৫১ জন নিহত এবং অন্তত ১ হাজার ৪৬ জন আহত হয়েছেন। গত বছরের তুলনায় এ বছর প্রাণহানি বেড়েছে ৮.২৬ শতাংশ এবং দুর্ঘটনা বেড়েছে ৮.৯৫ শতাংশ। মোট দুর্ঘটনার ৪৩ শতাংশই ঘটেছে জাতীয় মহাসড়কে।

সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে মোট ৩৭৭টি দুর্ঘটনার মধ্যে রেলপথে ২৩টি দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২২৩ জন আহত হয়েছেন। নৌপথে ৮টি দুর্ঘটনায় ৮ জন নিহত, ১৯ জন আহত এবং ৩ জন নিখোঁজ রয়েছেন।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, প্রতি বছরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। ঈদে ১২৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৫ জন নিহত হয়েছেন, যা মোট সড়ক দুর্ঘটনার ৩৬.১২ শতাংশ এবং মোট মৃত্যুর ৩৮.৪৬ শতাংশ।

দুর্ঘটনায় জড়িত যানবাহনের মধ্যে ২৭.১৬ শতাংশ মোটরসাইকেল, ১৭.৭৩ শতাংশ ট্রাক ও কাভার্ডভ্যান এবং ১৬.২২ শতাংশ যাত্রীবাহী বাস।

সংবাদ সম্মেলনে মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেন, সরকার পরিবর্তন হলেও পরিবহন খাতে পুরোনো প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণ অব্যাহত রয়েছে। তিনি বলেন, ঈদ ব্যবস্থাপনা সংক্রান্ত সরকারি সভায় যাত্রী বা নাগরিক সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়নি। পাশাপাশি পরিবহন মালিকদের একচেটিয়া সুবিধা নেওয়া ও ভাড়া নৈরাজ্যের কারণে দুর্ঘটনা বেড়েছে বলে তিনি দাবি করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ