আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ওপর চরম ভোগান্তি ও হয়রানি চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (২০ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ঈদকে ঘিরে সারা বছর অপেক্ষায় থাকা মানুষ যখন আনন্দ আর প্রত্যাশা নিয়ে প্রিয়জনের কাছে ফিরতে চান, তখন তাদের অমানবিক পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। এবারের ঈদযাত্রায় দেখা দেওয়া অব্যবস্থাপনাকে তিনি ‘ইতিহাসের জঘন্যতম’ হিসেবে উল্লেখ করেন এবং এর সম্পূর্ণ দায় সরকারের ওপর বর্তায় বলেও দাবি করেন।
তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর সমালোচনা করে বলেন, সরকার গঠনের পর দেওয়া কিছু বিতর্কিত বক্তব্য বর্তমান বিশৃঙ্খলার ভিত্তি তৈরি করেছে। বাসভাড়া কম নেওয়ার যে দাবি করা হয়েছে, তা ‘চরম মিথ্যাচার’ বলে উল্লেখ করে তিনি অভিযোগ করেন, বাস্তবে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।
সাধারণ মানুষের দুর্ভোগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, সড়ক ও পরিবহন ব্যবস্থার এই অরাজক পরিস্থিতি ঈদের আনন্দকে ম্লান করে দিচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, দেশ আবারও ফ্যাসিবাদের দিকে এগোচ্ছে কি না।
হুঁশিয়ারি উচ্চারণ করে ডা. শফিকুর রহমান বলেন, দেশে নতুন করে স্বৈরতন্ত্র কায়েমের চেষ্টা করা হলে তা জনগণ মেনে নেবে না। তিনি বলেন, সচেতন যুবসমাজ ও সাধারণ মানুষ এ ধরনের পরিস্থিতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত।
জনদুর্ভোগ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি সংশ্লিষ্টদের সময় থাকতে সতর্ক হওয়ার তাগিদ দেন।
ডা. শফিকুর রহমানের এই বক্তব্যের পর ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও সড়কের অব্যবস্থাপনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার মতে, এই সংকট সৃষ্টির জন্য দায়ীদেরই শেষ পর্যন্ত জবাবদিহি করতে হবে।

