রবিবার

১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

আজ শপথ নিচ্ছেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

🕙 প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬ । ৫:৩৩ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত দুইজন সংসদ সদস্য আজ শপথ গ্রহণ করতে যাচ্ছেন। রোববার (১২ এপ্রিল) দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি নবনির্বাচিত এই দুই সদস্যকে শপথ বাক্য পাঠ করাবেন বলে জানিয়েছে সংসদ সচিবালয়।

শপথ গ্রহণ শেষে রীতি অনুযায়ী নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ বইয়ে স্বাক্ষর করবেন। অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে, গত শুক্রবার (১০ এপ্রিল) নির্বাচন কমিশন (ইসি) সচিবের স্বাক্ষরিত গেজেটের মাধ্যমে শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। শনিবার (১১ এপ্রিল) ইসি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

গেজেটে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৩৯ এর দফা (৪) অনুযায়ী গত ৯ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ীদের নাম, পিতা-মাতা ও ঠিকানা চূড়ান্তভাবে প্রকাশ করা হয়েছে।

আজ শপথ নিতে যাওয়া দুই সংসদ সদস্য হলেন—শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে বিজয়ী মো. মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে বিজয়ী মো. রেজাউল করিম বাদশা।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে জয়ী হন। পরবর্তীতে তিনি আসনটি ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষণা করা হয় এবং গত ৯ এপ্রিল সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে পূর্বনির্ধারিত ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। পরে নতুন তফসিল অনুযায়ী গত ৯ এপ্রিল সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ