মানিকগঞ্জের সিংগাইরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিয়েছেন স্থানীয় জাতীয় পার্টির (জিএম কাদের) শতাধিক নেতাকর্মী ও সমর্থক। মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৬ টার দিকে মানিকগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত’র হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগদান করেন তারা। এসময় তাঁদের বরণ করে নেন ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি পীরজাদা মোহাম্মদ আলী, সদস্য মোজাফফর হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি আক্কাছ আলী ও উপজেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি মুন্নি আক্তারসহ শতাধিক নেতাকর্মী ও সমর্থক।
যোগদানকারী উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি পীরজাদা মোহাম্মদ আলী ও পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শাহানুর রহমান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন জাতীয় পার্টির শতাধিক কর্মীসমর্থকদের নিয়ে আমরা বিএনপিতে যোগদান করেছি।
মানিকগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেন, আজকে যারা বিএনপিতে যোগদান করলেন, তারা দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ও এলাকার উন্নয়নের স্বার্থে বিএনপিতে যোগদান করেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করে সিঙ্গাইর ও হরিরামপুর তথা দক্ষিন মানিকগঞ্জকে আধুনিক উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
সিংগাইরে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী
🕙 প্রকাশিত : ৭ জানুয়ারি, ২০২৬ । ৯:১৭ পূর্বাহ্ণ

