মানিকগঞ্জের সাটুরিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে তিল ও পাটের বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে এসব বীজ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে উন্নত জাতের এই বীজ বিতরণ করেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা।
বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকদের আত্মনির্ভরশীল করতে এবং ফসলের উৎপাদন বৃদ্ধিতে এই প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি কৃষকদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অধিক ফলন নিশ্চিত করার আহ্বান জানান।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত মোট ১৫০ জন কৃষকের মাঝে এই বীজ বিতরণ করা হয়েছে।এর মধ্যে ১০০ জন প্রতি কৃষক পাট বীজ ১ কেজি,ডিএপি সার ৫ কেজি,এমওপি সার ৫ কেজি এবং ৫০ জন প্রতি কৃষক তিল বীজ ১ কেজি,ডিএপি ১০ কেজি,এমওপি ৫ কেজি করে বিতরণ করা হয়।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া তাবাসসুম বলেন, সাটুরিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ১৫০ জন কৃষকের মাঝে তিল ও পাট বীজ বিতরণ করা হয়েছে।
এ ছাড়া তিল ও পাট চাষের মাধ্যমে কৃষকরা যাতে লাভবান হতে পারেন, সেজন্য মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পরামর্শ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
বীজ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী এবং স্থানীয় উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। বিনামূল্যে সরকারি এই সহায়তা পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেছেন।

