বৃহস্পতিবার

২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

মানিকগঞ্জে হামের সংক্রমণ উদ্বেগজনক, ৪৮ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৪ শিশু

🕙 প্রকাশিত : ২ এপ্রিল, ২০২৬ । ৬:০৮ পূর্বাহ্ণ

টিকাবিহীন শিশুদের ঝুঁকি বেশি, সচেতনতার ওপর জোর বিশেষজ্ঞদের সাবহেড মানিকগঞ্জ জেলায় হামের সংক্রমণ হঠাৎ করেই উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে করে চরম দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকরা এবং স্বাস্থ্য বিভাগেও দেখা দিয়েছে বাড়তি সতর্কতা।
গত ৪৮ ঘণ্টায় নতুন করে ১৪ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে।
পরিস্থিতি মোকাবিলায় মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য বিশেষ ১০ শয্যার একটি ইউনিট চালু করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আক্রান্ত শিশুদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সেবা নিশ্চিত করা হচ্ছে।

এবং মানিকগঞ্জ মেডিকেল কলেজের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো সময়মতো টিকাদান। একজন শিশু বিশেষজ্ঞের ভাষায়, “যেসব শিশু নিয়মিত টিকা পায়নি বা টিকাদান সম্পূর্ণ হয়নি, তাদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বহুগুণ বেশি থাকে। তাই অভিভাবকদের এ বিষয়ে আরও সচেতন হতে হবে।”
তিনি আরও বলেন, “হাম একটি ভাইরাসজনিত রোগ, যা দ্রুত একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। তবে সঠিক সময়ে টিকা গ্রহণ এবং প্রাথমিক লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিলে জটিলতা অনেকটাই কমানো সম্ভব।”

চিকিৎসকদের মতে, জ্বর, সর্দি, চোখ লাল হওয়া এবং শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেওয়া হামের প্রধান লক্ষণ। এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়াও মানিকগঞ্জ মেডিকেল কলেজের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে সবাইকে সচেতন থাকার এবং শিশুদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, সচেতনতা ও প্রতিরোধমূলক পদক্ষেপই পারে এই সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে। তাই এখনই সতর্ক না হলে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ