মানিকগঞ্জে একটি ফেসবুক পেইজের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। ভুক্তভোগী মোঃ রাকিবুল ইসলাম বিশ্বাস (৩৪) এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
জিডি সূত্রে জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার বেউথা গ্রামের বাসিন্দা রাকিবুল ইসলাম বিশ্বাস গত ২০ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ ভোর আনুমানিক ৬টা ১৫ মিনিটে নিজ বাসায় ফেসবুক ব্যবহারকালে দেখতে পান, “Next Time” নামের একটি ফেসবুক পেইজ (নিউমেরিক কোড: 61585751410979) থেকে তার ছবি ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য সম্বলিত একটি পোস্ট প্রকাশ করা হয়েছে। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ায় তার মানহানি হয়েছে এবং তিনি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়েছেন বলে অভিযোগ করেন।
এছাড়া জিডিতে উল্লেখ করা হয়, একই পেইজ থেকে গত ২৬ মার্চ ২০২৬সহ বিভিন্ন সময়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারীর ছবি ব্যবহার করেও মিথ্যা ও আপত্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এ ধরনের একাধিক পোস্টের লিংক জিডিতে সংযুক্ত করা হয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, অজ্ঞাতনামা ব্যক্তি বা গোষ্ঠী পরিকল্পিতভাবে এসব অপপ্রচার চালিয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি দ্রুত জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ বিষয়ে ভবিষ্যতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরিভুক্ত করা হয়েছে।

